Skip to main content

Brick Lane News

উদ্বোধনের আগেই দেবে গেল আলোচিত ১২ কোটি টাকার সড়ক

উদ্বোধনের আগেই দেবে গেল আলোচিত ১২ কোটি টাকার সড়ক

গাজীপুরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র নয় দিনের মাথায় মহানগরীর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় সড়কের একটি অংশ প্রায় ১০ থেকে ১২ ফুট নিচে দেবে যায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, কাশিমপুর নামা বাজার থেকে ধন্দখালী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমেছে। গত বৃহস্পতিবার প্রথমে সড়কে ফাটল দেখা দেয়। পরে তা ভেঙে নিচে দেবে যায়।

কাশিমপুর বারিন্দা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, প্রথমে সড়ক ১০ থেকে ১২ ফুট দেবে যায়। পরে আরও ৪ থেকে ৫ ফুট নিচে নেমে গেছে। এতে পাশের কাশিমপুর উচ্চ বিদ্যালয় ও ধন্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটছে।

তিনি জানান, সড়কটি যেকোনো সময় নদীতে ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। তুরাগ নদের পশ্চিম তীরে সিটি করপোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়নকাজ করা হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ২৫০ মিটার ডব্লিউবিএম সড়ক, ৬০ মিলিমিটার কার্পেটিং, প্রায় ১ দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং ও গার্ড ওয়াল নির্মাণের কথা রয়েছে।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, এটি প্রাকৃতিক কারণে হয়েছে। নদীর পাড়ের প্রায় ১০ থেকে ১২ ফুট অংশ ধসে গেছে। ১১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। ঘটনাটি প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ধসের কারণ অনুসন্ধানে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।