তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ছাড়াই কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে চেরাগআলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের অভিযোগ, টঙ্গীর কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়। এতে প্রায় দেড় শতাধিক শ্রমিক তিন মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বকেয়া পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা প্রথমে মানববন্ধন করেন। পরে তারা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
শ্রমিক জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়েও বেতন পরিশোধ করেনি। কারখানা কবে চালু হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না।
কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, বিষয়টি তার জানা নেই।





