Skip to main content

Brick Lane News

ফেনীতে জামায়াত কর্মীকে বেদম মারধর, দাড়ি ছিঁড়ে ফেলা ও স্ত্রীকে নিপীড়নের অভিযোগ

ফেনীতে জামায়াত কর্মীকে বেদম মারধর, দাড়ি ছিঁড়ে ফেলা ও স্ত্রীকে নিপীড়নের অভিযোগ

ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্বাচনি বিরোধের জেরে এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত নুরুল আবছারকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা এবং যুবদল কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, দুপুরে নামাজ শেষে ঘরে ঢোকার পর বেলাল হোসেন অতর্কিতভাবে হামলা চালান। তাকে দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলে ও লাঠি দিয়ে মারধর করা হয়। নুরুল আবছারের স্ত্রী অভিযোগ করেন, স্বামীকে বাঁচাতে গেলে তাকেও হেনস্তা করা হয়। তাদের দাবি, নির্বাচনি প্রচারণার সময়ও নুরুল আবছারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।