চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস তথা জুলাই ও আগস্ট সময়ে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার সমান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে। গত বছর এই খাতে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা ৮ হাজার ১৩১ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে পরিশোধিত অর্থের একটি বড় অংশ মূল ঋণের কিস্তি হিসেবে ব্যয় হয়েছে। এই দুই মাসে মূল কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া সুদ বাবদ দেওয়া হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
ঋণ পরিশোধের পাশাপাশি চলতি অর্থবছরের শুরুতেই বিদেশি সহায়তার অর্থছাড়ের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। জুলাই ও আগস্ট মাসে মোট ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলারের বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে। একই সঙ্গে এই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।