খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুদীপ কুমার বালাকে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার টিয়ারখালী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশে তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী শনিবার জানান, জনস্বার্থেই ডা. সুদীপ কুমার বালাকে টিয়ারখালী হাসপাতালে বদলি করা হয়েছে। তবে এই বদলির নেপথ্যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১৯ আগস্ট পত্রিকায় ‘দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স যেন ‘ব্যক্তিগত ক্লিনিক’, সরকারি সেবায় টাকার খেলা!’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া, সরকারিভাবে পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে পাঠানো এবং সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন সেবায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। এই খবর প্রকাশের পরই তার বদলির আদেশ এলো।
অবশ্য সে সময় ডা. সুদীপ কুমার বালা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় রোগীদের কিছু সেবা বাইরে থেকে নিতে হয় এবং অতিরিক্ত অর্থ নেওয়ার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িত নন।