ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র ও একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
এর মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, “আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি খুব বড় সমস্যা নয়।” এনবিসি নিউজের এক প্রতিবেদকের বরাত দিয়ে রয়টার্স এ বক্তব্য প্রকাশ করেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানসহ বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যার উদ্দেশ্য ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করা।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। একই দিনে তেহরানের পূর্বাঞ্চলের আরেকটি স্কুলেও হামলায় দুই শিক্ষার্থীর প্রাণহানির খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দ্রুতই আরও বিস্তৃত আকার ধারণ করছে। নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।





