Skip to main content

Brick Lane News

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে সরকার।

সম্প্রতি অর্থ বিভাগ থেকে নতুন এই বেতন কাঠামো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি খাত বা রাজনৈতিক কোটা থেকে আসা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) এপিএস এবং উপমন্ত্রীদের পিএসদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে এই পদগুলোতে নিয়োগপ্রাপ্তরা নবম গ্রেডের একেবারে শুরুর ধাপে অর্থাৎ ২২ হাজার টাকা মূল বেতনে চাকরি শুরু করতেন। তবে ক্ষেত্রবিশেষে কারও কারও ক্ষেত্রে কয়েকটি ইনক্রিমেন্ট যোগ করে বেতন ঠিক করা হতো।

গত ৩১ মার্চ এপিএসদের বেতন গ্রেড নির্ধারণের বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তারই জবাবে অর্থ বিভাগ নতুন এই সিদ্ধান্তের কথা জানাল।

তবে নতুন নিয়মে এপিএসদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকাই নির্দিষ্ট থাকবে এবং তাদের জন্য কোনো বার্ষিক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) কার্যকর হবে না। মূল বেতনের পাশাপাশি তারা নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি ভাতা পাবেন। চুক্তিভিত্তিক চাকরি হওয়ায় তারা কোনো পেনশন, গ্র্যাচুইটি (আনুতোষিক) বা প্রভিডেন্ট ফান্ডের (ভবিষ্য তহবিল) সুবিধা পাবেন না।

উল্লেখ্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএস সাধারণত দুইভাবে নিয়োগ পান— সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে অথবা মন্ত্রীদের নিজস্ব পছন্দের বাইরে থেকে।

অর্থ বিভাগ স্পষ্ট জানিয়েছে, এই নতুন বেতন কাঠামো কেবল সরকারি চাকরির বাইরে থেকে আসা (চুক্তিভিত্তিক) কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য হবে। কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী যদি প্রশাসনের কোনো ক্যাডার বা সরকারি কর্মকর্তাকে এপিএস হিসেবে নিয়োগ দেন, তবে তিনি এই বেতন কাঠামোর আওতায় পড়বেন না; তিনি তার নিজস্ব চাকরির স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।