Skip to main content

Brick Lane News

বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির আর রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির আর রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী অপশক্তির আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসনের এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ আয়োজিত ওই সমাবেশে মন্ত্রী বলেন, যারা অতীতে গণহত্যা চালিয়েছে এবং জনগণের ওপর গুলিবর্ষণ করেছে, তাদের রাজনীতি করার পথ চিরতরে বন্ধ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিগত ১৭ বছরে যারা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তাদের প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা হবে। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার কথা বলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর আবেদন জানিয়েছে। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তার সহযোগীরা বর্তমানে যে দেশে আশ্রয় নিয়েছেন, তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।