আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন।
এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করার আর্জি জানানো হয়। একই সঙ্গে, রিটটি বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল যে, আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ, মিছিল, সম্মেলন আয়োজন এবং অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ সব ধরনের প্রকাশনা নিষিদ্ধ থাকবে।