Skip to main content

Brick Lane News

আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে গোয়েন্দা তথ্যের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যারা এসব ব্যক্তিকে গ্রেফতারে সফল ভূমিকা রাখবেন, তাদের বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারে পুরস্কার

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবেন, তাদের আমরা পুরস্কৃত করবো। তিনি জানান, গত সপ্তাহে এবং গতকালও ফ্যাসিবাদের শক্ত দোসরদের গ্রেফতার করা হয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। আমাদের কাছে থাকা অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্যের সঙ্গে এটি সমন্বয় করে আপনাদের নিজস্ব ইন্টেলিজেন্স সক্ষমতা ব্যবহারের মাধ্যমে এসব অপরাধীকে খুঁজে বের করতে হবে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অন্যান্য অর্গানাইজেশনের যে ইন্টেলিজেন্স সাপোর্ট, সেটা আমি নেই মিলিয়ে দেখার জন্য, কম্পেয়ার করার জন্য।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জবাবদিহিতা

মন্ত্রী জাতিসংঘের হিসাব উদ্ধৃত করে বলেন, বিগত এক মাসে দেশে প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। এছাড়াও গত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন নথিপত্র তুলে ধরে তিনি বলেন, যারা আসমান থেকে গুলি করে নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করেছে, তাদের বাংলাদেশের জনগণ কখনোই রাজনীতিতে আর দেখতে চাইবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্বর হত্যাকাণ্ডের পরেও যারা কোনো প্রকার দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি, তারা বর্তমানে বিদেশ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির আওয়াজ দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পারে, আসমান থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনকে দলীয়করণ করে এ দেশকে গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল, সেই শক্তিকে বাংলাদেশের মানুষ কি কখনো।

পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রসঙ্গে

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, আমরা আইন অনুযায়ী তাদের ফেরত চেয়েছি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হন, তবে আইন নিজস্ব গতিতে তার কাজ চালিয়ে যাবে।

পুলিশের পদক প্রদান

অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আয়োজনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।