Skip to main content

Brick Lane News

সাভারে রক্তক্ষয়ী সংঘর্ষ, থমথমে পরিস্থিতি, বন্ধ ৩১টি কারখানা

সাভারে রক্তক্ষয়ী সংঘর্ষ, থমথমে পরিস্থিতি, বন্ধ ৩১টি কারখানা

ব্রিকলেন নিউজ, লন্ডন: সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বর্তমানে ৩১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া শ্রমিকদের কর্মবিরতি চলছে আরও পাঁচটি কারখানায়।

বন্ধ কারখানাগুলোর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি এবং শ্রমিক বিক্ষোভের কারণে ৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

অন্যদিকে ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে হাজিরা দেওয়ার পর ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে কর্তৃপক্ষ এসব কারখানায় ছুটি ঘোষণা করে।

শিল্পাঞ্চলে উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কয়েকটি কারখানা ছাড়া পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।