Skip to main content

Brick Lane News

স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে আইনশৃঙ্খলা রক্ষার দাবি নাহিদ ইসলামের

স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে আইনশৃঙ্খলা রক্ষার দাবি নাহিদ ইসলামের

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরানো প্রয়োজন।

মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের নাম আসার বিষয়টি তুলে ধরেন নাহিদ ইসলাম। তার দাবি, ওই ঘটনায় রাষ্ট্রীয় মদদ, সরকারি ইন্ধন এবং দলীয় নেতা-কর্মীদের সরাসরি অংশগ্রহণ ছিল। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার পরও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং বর্তমানে ভিকটিম ব্লেমিং চলছে বলেও তিনি জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, কেবল এই দুটি ঘটনা নয়, দেশের সামগ্রিক পরিস্থিতি একই রকম। বিএনপি তাদের দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সব মিলিয়ে দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না বলে তিনি মন্তব্য করেন।