চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালের দিকে স্থানীয়রা টেগরপুনি এলাকায় খালের পানির স্তর কমে গেলে গাছের শিকড়ের আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান। তারা দ্রুত পুলিশকে খবর দিলে সকাল আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি খাল থেকে পাড়ে তুলে আনা হয়। পরে বেলা ১১টার দিকে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে মরদেহটি কোনোভাবে ভেসে এসে আটকে গেছে। সুরতহাল প্রতিবেদনে এখন পর্যন্ত লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ আশা করছে।
তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর এবং পরনে কালো রঙের একটি গেঞ্জি ছিল। ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট ও প্লাস উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।