Skip to main content

Brick Lane News

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্র শাহীন ৫ দিন ধরে নিখোঁজ

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্র শাহীন ৫ দিন ধরে নিখোঁজ

লক্ষ্মীপুরের রামগতিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে আরাফাত হোসেন শাহীন নামের ১৩ বছরের এক মাদরাসাছাত্র। গত শনিবার রামগতির চর পোড়াগাছা এলাকা থেকে কমলনগরের তোরাবগঞ্জের ‘দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা’র উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না। শাহীন ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তার পরিবার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামের বাসিন্দা। সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়ে ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিশুর মা শাহিনুর বেগম।

নিখোঁজ শাহীনের বাবা আবুল বাশার জানান, পরিবারের সদস্য ও মাদরাসার শিক্ষকেরা মিলে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনদের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় শাহীনের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও মাথায় টুপি। শ্যামলা রঙের শিশুটির উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ওই শিশুর মা তাকে মাদরাসা পর্যন্ত এগিয়ে দেননি। ধারণা করা হচ্ছে, পথের মাঝখান থেকেই সে নিখোঁজ হয়েছে। মাদরাসার পড়াশোনার কোনো ভীতি থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেও ধারণা করছেন তিনি। তবে অভিভাবকের জিডি করার বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।