Skip to main content

Brick Lane News

জাতিসংঘ অধিবেশনে ইরানি প্রেসিডেন্টের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস

জাতিসংঘ অধিবেশনে ইরানি প্রেসিডেন্টের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) চলমান অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তার নিরাপত্তার মূল দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানি প্রতিনিধিদলের বাকি সদস্যদের নিরাপত্তার বিষয়টি দেখছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।

এই পুরো প্রক্রিয়ায় ফেডারেল সংস্থাগুলোকে যথাযথ সহায়তা দিচ্ছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরো। এছাড়া এনওয়াইপিডির ডিটেকটিভ, গোয়েন্দা কর্মকর্তা এবং হাইওয়ে প্যাট্রোলের সদস্যরাও সুরক্ষাবলয়ে নিয়োজিত রয়েছেন। জাতিসংঘের সদস্য হিসেবে ইরান দীর্ঘ সময় ধরে এ ধরনের অধিবেশনে অংশ নিলেও এবারের বিষয়টি বেশ ভিন্ন। বিশেষ করে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে মার্কিন ভূখণ্ডে দেশটির শীর্ষ নেতার এমন নিরাপত্তা ব্যবস্থাপনা সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে বেশ নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ইব্রাহিম রাইসিসহ ইরানের আগের প্রেসিডেন্টরাও একইভাবে জাতিসংঘে প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।