গাজা সিটিতে একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। ভবনটি ধসে পড়ার সময় সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন, পাশাপাশি পাশের তাঁবুতে অবস্থানরতরাও এর নিচে চাপা পড়েন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানান, ভবনটি আগে থেকেই ইসরাইলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ছিল। এরপর পার্শ্ববর্তী এলাকায় নতুন করে গোলাবর্ষণের জেরে ভবনটি ধসে পড়ে।
ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। মুনির আল-বুরশের তথ্যমতে, বর্তমানে প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের পক্ষ থেকে ইতোমধ্যে ৭৫ জনেরও বেশি নিখোঁজ ব্যক্তির নাম নিবন্ধন করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫০ জন শিশু রয়েছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।