পরিবেশদূষণ মোকাবিলায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেছেন। সভায় পরিবেশদূষণ রোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের নেওয়া বিভিন্ন পরিবেশগত উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সভায় পর্যালোচনা করা হয়। দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান উদ্যোগগুলোকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপের সুফল নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর ওপরও সভায় জোর দেওয়া হয়েছে। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়মিত মনিটরিং ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়।