মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে সফল দায়িত্ব পালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর মহাব্যবস্থাপক পদে পদায়িত হয়েছেন মোঃ সোহেল পারভেজ। তাঁর এই নতুন নিয়োগে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। ২০২০ সালে প্রথম সচিব হিসেবে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যোগদানের পর থেকেই তিনি পেশাগত দক্ষতা, প্রশাসনিক প্রজ্ঞা এবং মানবিক নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন।
হাইকমিশনে দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবেও তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষা, শ্রম সংক্রান্ত জটিলতা নিরসন, বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং সংকটাপন্ন নাগরিকদের সহায়তায় তাঁর নিরলস ও দায়িত্বশীল ভূমিকা প্রবাসী সমাজে প্রশংসিত হয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড মালদ্বীপের বাংলাদেশি কমিউনিটির কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে প্রবাসী নেতৃবৃন্দ মনে করেন।
প্রবাসীদের প্রত্যাশা, বিএসসির মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্ব পালনের সময় তিনি দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন। তাঁর নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে প্রবাসীরা বলেন, মালদ্বীপে প্রবাসীদের কল্যাণে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।