Skip to main content

Brick Lane News

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, মাঠে বাস্তবায়নের তাগিদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, মাঠে বাস্তবায়নের তাগিদ

ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ ব্যবস্থাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং গৃহীত সিদ্ধান্তগুলোর প্রতিফলন যেন মাঠ পর্যায়ে দৃশ্যমান হয়, তা নিশ্চিত করতে হবে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না থেকে জনঅংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির নির্দেশ দেন। এই কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের কর্মীদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর জোর দিয়েছেন তিনি।

ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টিও সভায় আলোচিত হয়, যাতে আক্রান্ত রোগীর শরীর থেকে মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব হয়। ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।