Skip to main content

Brick Lane News

যুক্তরাষ্ট্র-সৌদি আরবের পরমাণু চুক্তি সই

যুক্তরাষ্ট্র-সৌদি আরবের পরমাণু চুক্তি সই

শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বুধবার (২২ জুলাই) দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, চুক্তির আওতায় বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং পারমাণবিক নিরাপত্তা জোরদারে কাজ করবে দুই দেশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তিতে এমন সুরক্ষা ব্যবস্থা থাকবে, যাতে পরমাণু প্রযুক্তি কোনোভাবেই অস্ত্র কর্মসূচিতে ব্যবহার করা না যায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। রিয়াদের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি করা যুক্তিসংগত বলেও মন্তব্য করেন তিনি।

রুবিও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দেশের বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিতেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। সৌদি আরবও শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে চায়।

চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশের পরমাণু সহযোগিতার জন্য প্রয়োজনীয় ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ হিসেবে পরিচিত। এতে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট স্বাক্ষর করেন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে। পাশাপাশি জ্বালানি ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানো, দক্ষতা ও জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক মানের পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, এ ধরনের চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি নিজ নিজ দেশের সমৃদ্ধি ও মিত্রদের নিরাপত্তায় ভূমিকা রাখবে।