আন্তর্জাতিক ডেস্ক | ব্রিকলেন নিউজ
জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
সোমবার (২৯ জুন) এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার মানুষের অধ্যুষিত স্টাড শহরের একটি যুব কেন্দ্রের কাছে হঠাৎ এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা কর্মী মোতায়েন করা হয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে এবং আলামত সংরক্ষণে পুরো এলাকাটি অবরুদ্ধ (কর্ডন) করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনার পরপরই লুনেবুর্গ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, ঠিক কী কারণে বা কোন উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা হামলার পেছনের উদ্দেশ্য (মোটিভ) জানতে ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। আটককৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।