Brick Lane News

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মিছিলের ঘটনায় হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) মো. আরিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি করেছেন।

এজাহারে বলা হয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর তালুকদার পারভেজ আনছারীর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা গত ৩ জুন ভোরে লাঠিসোঁটাসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন উসকানিমূলক এবং সরকারবিরোধী স্লোগান দেন। আসামিরা দেশে সন্ত্রাস, পুলিশি হয়রানি ও রাজবন্দিদের মুক্তির দাবিসংক্রান্ত স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির চেষ্টা চালান।

বাদী আরও উল্লেখ করেছেন, আসামিদের নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পেয়ে তিনি ও তার সাংগঠনিক লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় আসামিরা পুলিশ ও সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করার কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী উল্লেখ করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।