Brick Lane News

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক পিএলসির ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বেলা তিনটার দিকে ব্যাংকটির গোলাপগঞ্জ শাখা থেকে স্থানীয় একটি এজেন্ট ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য টাকা নেওয়ার পথে এই ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ শাখা সূত্রে জানা যায়, কানাইঘাটের রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজিযোগে সিলেট জকিগঞ্জ রোডের দিকে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশে রওনা হন। পৌর এলাকার দাঁড়িপাতন চত্ত্বর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা এসে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। ব্যাংক স্টাফের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ব্যাংক স্টাফ মোহাম্মদ আলী বলেন, আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে সিএনজির গতিরোধ করে। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় স্থানীয় বিএনপি নেতা নাসিম হোসাইনের বিকাশ এজেন্টের ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় ৯ জনেকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও টাকা উদ্ধার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *