Brick Lane News

শেখ হাসিনার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে দুদকের মামলায় গ্রেফতার

শেখ হাসিনা সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের পর আদালত এ সিদ্ধান্ত নেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকার সম্পদ অর্জন করেছেন ফরহাদ হোসেন। এছাড়া তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুদক।

দুদক আরও জানায়, ফরহাদ হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্ত হলে তিনি আত্মগোপন বা বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই মাসের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Related Posts

Social Media

সর্বশেষ খবর