Brick Lane News

যশোরে এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলায় আল আমিন হোসেন (৩০) নামে এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামের বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে তিনি পল্লিচিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারাবিহ নামাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আল আমিন। গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহ আলম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।

তদন্ত কর্মকর্তা এস এম মোশারফ হোসেন বলেন, পারিবারিক বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের দুটি সংসার ছিল এবং দ্বিতীয় বিয়ের পর পারিবারিক অশান্তি চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।