Brick Lane News

ইন্টারনেট ব্যবসা দখল নিতে অফিসে ভাঙচুর-লুটপাটে স্বেচ্ছাসেবক দল; আতঙ্কে এলাকাবাসী

ইন্টারনেট ব্যবসা দখল নিতে অফিসে ভাঙচুর-লুটপাটে স্বেচ্ছাসেবক দল; আতঙ্কে এলাকাবাসী

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান ও তাঁর নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে জামগড়া-বাগবাড়ি সড়কের পাকার মাথা এলাকায় ‘মাদবর ইন্টারনেট’ নামের প্রতিষ্ঠানে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ভুক্তভোগী ব্যবসায়ী নিরবের দাবি, হামলাকারীরা অফিসে ভাঙচুর চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম ও নেটওয়ার্ক সামগ্রী লুট করে নিয়ে গেছে।

নিরব অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও তাঁর লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত। তবে জিল্লুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ নিয়ে সমাধানের চেষ্টা করছেন।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, এলাকায় ধারাবাহিক সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।