সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা মারা যান।
নিহতরা হলেন—জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) ও একাই এলাকায় আব্দুল লতিফ প্রমাণিকের ছেলে সামির হোসেন (২৪)।
স্থানীয়রা জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে নিচে পড়ে যান। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়ায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান। তিনি বলেন, বেলকুচি থেকে দুই যুবক ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এ সময় ঝুঁকি নিয়ে তারা রেলসেতুতে ছবি তুলতে গেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে সামির হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় ফয়সলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।





