Brick Lane News

ইরানকে সাহায্য করছেন পুতিন, ধারণা ট্রাম্পের

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ৩:১০ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সীমিত পরিসরে সাহায্য করছেন বলে ধারণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তেহরানকে মস্কো কোনোভাবে সাহায্য করছে কি না। জবাবে তিনি বলেন, আমার ধারণা তিনি (পুতিন) তাদের কিছুটা সাহায্য করছেন। সম্ভবত তিনি মনে করছেন, আমরাও ইউক্রেনকে সহায়তা দিচ্ছি, সে জায়গা থেকেই তিনি এমনটা করে থাকতে পারেন।

কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, রাশিয়া ইরানকে এমন কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে যা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদিও হোয়াইট হাউস শুরু থেকেই এই অভিযোগ নাকচ করে আসছে।

এ বিষয়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, মস্কো সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে এবং বর্তমান প্রশাসন তাদের সেই দাবিতে বিশ্বাস রাখতে চায়।

ট্রাম্পের এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার কথা ভাবছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় ওয়াশিংটনকে এখন রাশিয়ার বিষয়ে নমনীয় নীতি গ্রহণ করতে হচ্ছে।

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। এ অবস্থায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ ১১ এপ্রিল পর্যন্ত জাহাজে লোড করা রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির অনুমতি দিয়ে একটি বিশেষ লাইসেন্স জারি করেছে।

মার্কিন ট্রেজারির অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে রয়েছে।

এর আগে ইউক্রেনে আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সপ্তাহে ইরানে আবারও কঠোর হামলা হবে।

জ্বালানি তেলের বাজারের পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহের মধ্যে ইরানকে ‘খুব কঠোর আঘাত’ করবে।

প্রধান এই নৌপথ দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে সহায়তার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে আমরা তা করব। তবে, আশা করছি সবকিছু ঠিকঠাকভাবেই চলবে। দেখা যাক কী হয়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি