Skip to main content

Brick Lane News

তিস্তার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

তিস্তার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নীলফামারীর তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার হওয়ায় পানি ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়তে থাকায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে।

ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সন্ধ্যায় তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রাতে পানি আরও কিছুটা বাড়তে পারে, তবে সকালে তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে।