Brick Lane News

‘আজ রাতেই এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা হবে ইরানে’ 

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ৩:১০ এএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট বলেছেন, আজ শুক্রবার রাতেই ইরানে এ যাবৎকালের সবচেয়ে বড় মার্কিন হামলার দিন হবে।

শুক্রবার (১৩ মার্চ) পেন্টাগনে প্রেস ব্রিফিংয়ে পিট হেগসেট এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এ সময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, খুব শিগগিই ইরানের সব প্রতিরক্ষা কোম্পানি ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ, দুই দিন আগে পর্যন্ত ইরানের সম্পূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা এবং এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি যন্ত্রাংশ তৈরি করে এমন প্রতিটি কোম্পানিকে কার্যকরীভাবে পরাজিত ও ধ্বংস করা হয়েছে। পুরো ইরানজুড়ে ভবন, কমপ্লেক্স এবং ফ্যাক্টরি লাইনগুলো এখন বিধ্বস্ত।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হওয়ার বিষয়ে হেগসেথ বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত এবং সম্ভবত বিকৃত হয়ে গেছেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি একটি বিবৃতি দিয়েছেন। আসলে সেটি একটি দুর্বল বিবৃতি ছিল, যাতে কোনো অডিও বা ভিডিও ছিল না। এটি ছিল কেবল একটি লিখিত বিবৃতি।

তিনি আরও বলেন, ইরানের কাছে প্রচুর ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার রয়েছে। তবে কেন একটি লিখিত বিবৃতি? আপনারা জানেন কেন। তার বাবা মৃত। তিনি ভীত, তিনি আহত, তিনি পলায়নপর এবং তার কোনো বৈধতা নেই।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মোজতবা খামেনি। এরপর বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি অফিশিয়ালি মন্তব্য করেছেন। তবে তিনি সশরীরে উপস্থিত হননি এবং তার বক্তব্যগুলো রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পড়ে শুনিয়েছিলেন।

ড্যান কেইন বলেছেন, যুদ্ধে আমরা ভালো করেছি। কিন্তু মিত্র বাহিনী ও বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা করার মতো সক্ষমতা ইরানের এখনও রয়ে গেছে। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। হরমুজ প্রণালিতে প্রভাব ফেলতে পারে এমন সব ইরানি স্থাপনা ও ব্যবস্থার উপর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলা অব্যাহত রেখেছে।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি