Brick Lane News

ক্ষমতায় এসেই গরু জবাই নিয়ে কঠোর নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের

ক্ষমতায় এসেই গরু জবাই নিয়ে কঠোর নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের

ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বিজেপি গঠিত নতুন সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সরকারি সরকারি অনুমোদন ছাড়া গরু, মহিষ কিংবা ষাঁড় জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করবেন, তাদের জেল ও জরিমানা বা উভয় শাস্তির মুখে পড়তে হবে।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাজ্য প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গরু, মহিষ কিংবা বাছুর জবাই করার আগে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

তবে অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও শর্ত রেখেছে কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী, পশুটির বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে। এ ছাড়া পশুটি যদি বার্ধক্য, চোট কিংবা কোনো দুরারোগ্য রোগের কারণে কাজের অযোগ্য হয়ে পড়ে, তবে পশুটি জবাইয়ের অনুমতি দেওয়া হবে। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এই অনুমতি দেবেন।

পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তা বা কোনো প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না। শুধু সরকার অনুমোদিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত নির্দিষ্ট জায়গাতে এই কাজ করা যাবে। নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কি না, তা দেখতে যে কোনো সময় সরকারি কর্মকর্তারা পরিদর্শন করতে পারেন এবং তাতে কোনো বাধা দেওয়া যাবে না।

আইন অমান্যকারীদের জন্যও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নতুন নিয়মে। এতে বলা হয়েছে, নিয়ম ভাঙলে সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। এর পাশাপাশি এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা জেল-জরিমানা দুই-ই হতে পারে। এই ধরনের অপরাধকে জামিন অযোগ্য বা আমলযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার পালাবদলের পরপর রাজ্যে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর জয়ের পর রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে।