Brick Lane News

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ জুন রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ও অনুরূপ কর্মসূচি পালনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে— মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশ, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ সংলগ্ন অংশ, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।