Brick Lane News

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাতবার্ষিকী উপলক্ষ্যে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ঈদ অনুষ্ঠিত হবে। ফলে কেউ যদি আলোচনা সভা বা অন্য কিছু দু’একদিন পরেও করে—তাতে কোনো অসুবিধা নেই।

রিজভী বলেন, শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতারাসহ অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পারগ্রহ অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিএনপির উদ্যোগে আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, দিবসটি উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এছাড়া সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগরীসহ আলোচনা সভা, দোহা মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।