ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা পাঁচবার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছে এবং জাতিকে অপমান করেছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে তারা স্পষ্ট করে জানিয়েছে, কুরআন ও ইসলামের আলোকে দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই কুরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে।
তিনি আরও বলেন, ইসলামের পক্ষে একটি বাক্স প্রতিষ্ঠার লক্ষ্যে শুরুতে পাঁচটি দল একসঙ্গে পথ চলছিল। পরে জামায়াতসহ আরও কয়েকটি দল এতে যুক্ত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ।





