Brick Lane News

রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৮ ্পিএম
রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপির পরাজিত তিনজন প্রার্থীর সমর্থকরা। রোববার দুপুরে তিন প্রার্থীর নেতৃত্বে হাজারো কর্মী-সমর্থক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে তাঁরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে সাক্ষাৎ করে পুনর্গণনার দাবি জানান।

বিএনপির পরাজিত তিন প্রার্থী হলেন রংপুর-৩ (সদর-সিটি) আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে সামসুজ্জামান সামুর সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ে মিছিল করে। একই সময়ে রংপুর-৪ ও রংপুর-৬ আসনের প্রার্থীর কর্মী-সমর্থকরাও মিছিলের মাধ্যমে জড়ো হন। প্রধান ফটকের সামনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেন নেতা-কর্মীরা। তিন প্রার্থীও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।

সাইফুল ইসলাম বলেন, ‘রংপুরের ছয়টি আসনে আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, কিন্তু ১২ তারিখ আমাদের স্বপ্নের ওপর আঘাত হয়েছে। প্রশাসন রাতের অন্ধকারে ছয়টি আসন জামায়াতের হাতে দিয়েছে।’

প্রতিবাদ সমাবেশ শেষে তিন প্রার্থী জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে ভোট গণনা ও পুনর্গণনা নিয়ে আলোচনা করেন। রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা উত্তেজিত হয়ে জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, ‘আপনি আমার ফল ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর কাছে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ ও গণনায় কোনো অনিয়ম হয়নি। রংপুর-৪ ও ৫ আসনের প্রার্থীরা ভোট পুনর্গণনার জন্য আবেদন করেছেন। আজ রংপুর-৩ আসনের প্রার্থীর আবেদনও নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।

গত বৃহস্পতিবার রংপুর-৩, ৪ ও ৬ আসনের বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। বাকি তিনটি আসনেও জয় পেয়েছে জামায়াতে ইসলামী।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি