রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পরিসরে পুলিশি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় সেখানে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ চলছে।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশের জন্য ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে। অবকাঠামোগুলো নির্মাণ শেষ হলে দ্রুত বর্ধনশীল এ নতুন শহরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির অধীনে একটি স্বতন্ত্র পুলিশ বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ বিভাগে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার নেতৃত্ব দেবেন। পাশাপাশি প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।
আইজিপির ভাষ্য, পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে শুধু নিরাপত্তা ব্যবস্থাই শক্তিশালী হবে না, বরং পূর্বাচলের টেকসই নগরায়ন, বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।