Skip to main content

Brick Lane News

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব!

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব!

সৌদি আরবে কর্মরত যেসব প্রবাসীর ওয়ার্ক পারমিটসংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত সময় দিয়েছে দেশটির সরকার। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির কর্মীদের ওয়ার্ক পারমিটের অবস্থা নিয়মিত করার সুযোগ চলতি বছরের শেষ দিন পর্যন্ত বহাল থাকবে।

মঙ্গলবার এ বিষয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মন্ত্রণালয়ের ভাষ্য, সময়সীমা বাড়ানোর ফলে নিয়োগকর্তা এবং বিদেশি কর্মীরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন। এর মাধ্যমে শ্রমবাজারে বিদ্যমান কিছু জটিলতা নিরসনের সুযোগ তৈরি হবে।

তবে এই সুবিধা সব প্রবাসী কর্মীর জন্য নয়। যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরেরও বেশি আগে শেষ হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পেরিয়ে গেলেও যাদের ওয়ার্ক পারমিট এখনো ইস্যু হয়নি, কেবল তারাই এই সুযোগের আওতায় থাকবেন।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীর অধিকার সুরক্ষা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যুর প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে।

তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যেও যাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করা হবে না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শ্রমবাজারে নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা ইস্যুর সংখ্যাও সীমিত করেছে সৌদি সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একটি নতুন প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচটি তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা পাবে।