সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষণসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে রিজভী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা সুসংহত করতে সরকার যেসব যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে, তার সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থেকে সাধারণ মানুষের কাছে সরকারের এই সাফল্যের বার্তা পৌঁছে দিতে হবে।
দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’ বর্তমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম মিশে আছে। তাই তারাও এই সরকারের অংশীদার।
বর্তমান পরিস্থিতিতে নারীর নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে রিজভী বলেন, বর্তমানে নুসরাত, রুপা, খাদিজা, তনু বা মিতুর মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না। সরকারি দলের কোনো নেতাকর্মী এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নেই বলে তিনি দাবি করেন। সমাজে নারীর অবস্থান শক্তিশালী করা এবং সুরক্ষার বলয় তৈরি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি পুনরায় উল্লেখ করেন।