সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী এবং উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের আদালতে তাকে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে ৭ দিনের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন ক্যান্টনমেন্ট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য রাকিবুল হাসানকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্যান্টনমেন্ট থানার সাবেক এই ওসির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে আলাপকালে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করতে শোনা যায়। এই অডিও ক্লিপটি নিয়ে বিতর্ক সৃষ্টির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি নথিভুক্ত করা হয়। এখন রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে এই ঘটনার আরও তথ্য উদ্ঘাটন করা হবে বলে আশা করছে পুলিশ।