Skip to main content

Brick Lane News

নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী দলের গোপন বৈঠক

নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী দলের গোপন বৈঠক

ইসরায়েলের আসন্ন নেসেট (সংসদ) নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একাট্টা হয়েছে প্রধান বিরোধী দলগুলো। জোটবদ্ধ হয়ে কৌশলগতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন বিরোধী শিবিরের পাঁচ শীর্ষ নেতা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইয়ার লাপিদের তেল আবিবের বাসভবনে তারা এক গোপন বৈঠকে মিলিত হন।

বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ

  • ইয়েশ আতিদ দলের নেতা ইয়ার লাপিদ
  • ইয়াশার দলের নেতা গাডি আইজেনকট
  • টুগেদার দলের নাফতালি বেনেট
  • ইসরায়েল বেইতেনু দলের আভিগডোর লাইবারম্যান
  • ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান

বৈঠকের পর প্রকাশিত এক নথিতে এই নেতারা জানান, আদর্শগত মতপার্থক্য সত্ত্বেও বর্তমান সরকারকে হটিয়ে দেওয়া তাদের এখন ‘সর্বোচ্চ যৌথ লক্ষ্য’। তারা সিদ্ধান্ত নিয়েছেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত একে অপরের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা থেকে বিরত থাকবেন এবং বিরোধী শিবিরের পক্ষে ভোটার উপস্থিতি বাড়াতে সম্মিলিতভাবে কাজ করবেন। তবে তাৎক্ষণিকভাবে তারা প্রধানমন্ত্রী পদের জন্য কোনো একক প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি।

এই ঐক্যের খবর প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন যে, ইয়াশার দলের নেতা গাডি আইজেনকট মূলত ইয়ার লাপিদ, ইয়ার গোলান, নাফতালি বেনেট, আভিগডোর লাইবারম্যান এবং বিভিন্ন আরব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে সরকার গঠনের গোপন অভিসন্ধি করছেন। নিজের ডানপন্থি দল ‘লিকুদ’-এর প্রতি ভোটারদের আহ্বান জানিয়ে তিনি লেখেন, “কেবল একটি শক্তিশালী লিকুট পার্টিই এদের রুখে দিতে পারে।”

নেতানিয়াহু এই বিরোধীদের বৈঠকের একটি গ্রুপ ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে পোস্ট করেছেন। ছবিতে তিনি ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর নেতা মানসুর আব্বাস ও ‘হাদাশ-তাল’ দলের নেতা আহমেদ তিবির ছবি জুড়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বিশ্লেষকদের মতে, আগামী অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক মাঠ এখন থেকেই চরম উত্তপ্ত হয়ে উঠেছে এবং প্রধান দলগুলোর এই মেরুকরণ নির্বাচনি লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলেছে।