Brick Lane News

অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে রুবেল প্রামাণিক নামে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, মিজানুর রহমান সাগরসহ চার থেকে পাঁচজন তাকে কলেজের অডিটোরিয়ামের পেছনে নিয়ে মারধর করেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং ব্যাংক হিসাব থেকে আরও ২২ হাজার ৮০০ টাকা স্থানান্তর করে নেওয়া হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বগুড়া জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ বলেন, মিজানুর রহমান সাগর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি সংগঠনের জানা ছিল না। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।