Skip to main content

Brick Lane News

ভোট ডাকাতদের কাছ থেকে কড়ায়-গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোট ডাকাতদের কাছ থেকে কড়ায়-গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এবং জনগণের রায় বিকৃত করা হয়েছে। তিনি বলেন, যারা ভোট ডাকাত, তাদের জনগণের সামনে উন্মোচন করা হয়েছে এবং বিরোধী দল হিসেবে তারা রাজপথে থাকবেন।

সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে নির্বাচন–পরবর্তী সহিংসতা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ১১ দলীয় জোট। বক্তব্যে তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বলেন, জনগণের ওপর যারা জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের হিসাব নেওয়া হবে।

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকার ও প্রশাসনের কাছে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কারের পক্ষে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এছাড়া বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।