বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে একই দিনে পূর্বনির্ধারিত ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের সূচি থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন।
কূটনৈতিক সূত্র রোববার দুপুরে বিষয়টি জানিয়েছে। জানা গেছে, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র পেয়েছেন মোদি।
রোববার ভারতে সাপ্তাহিক ছুটি থাকায় সোমবারের মধ্যেই শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব কে করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোদি উপস্থিত থাকতে না পারলে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারেন।
১৬ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০টি দেশের শীর্ষ নেতা অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে মোদি ও মাখোঁর দ্বিপক্ষীয় বৈঠকও নির্ধারিত রয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় আরও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা করেই আমন্ত্রিত দেশের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।





