Skip to main content

Brick Lane News

‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও

‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধর করেন অনন্যা। পরে মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করলে তিনি আহত হন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপে বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অভিযোগ অস্বীকার করে গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা বলেন, তাদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদরাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং বাড়িতে হামলা চালানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।