জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার এ দেশের জনগণের জন্য তেমন কিছুই করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাব। হামের টিকা দেশে আনেনি, যার কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে তখন দেশের মানুষের অনেক ভোগান্তি হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিরোপেক্ষ ছিল, কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে। আমি বাংলাদেশের সামরিক বাহিনীকেও ধন্যবাদ জানাই, তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে।
স্পিকার বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। তারা সংসদে বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিরোধী দল ও সরকারি দলে তেমন মতবিরোধ নেই। আমার মনে হয়, বিরোধী দল ও সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে; যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদেই অধিকার আছে সংবিধান সংশোধনের।
তিনি বলেন, কয়েকজন ব্যক্তি তো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধিরা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভুত নিয়ম করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় অটোমেটিকলি।
এদিকে আজ সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।





