ইরানের একটি আদালত শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন। রোববার তাঁর আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেন।
এএফপিকে তিনি জানান, “অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশ” অভিযোগে নার্গিসকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ওপর দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ‘অপপ্রচার’-এর অভিযোগে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইরানের আইন অনুযায়ী, একাধিক সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় নার্গিসকে মোট ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মৃত্যুদণ্ড ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকনীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে গত ২৫ বছরে বারবার মামলা ও কারাদণ্ডের মুখে পড়েছেন নার্গিস মোহাম্মাদি। বিগত এক দশকের বেশির ভাগ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য ২০২৩ সালে তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।