রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা ৭৮৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ৯৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮।
এ ছাড়া গত এক দিনে পরীক্ষায় আরও ১১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩১ জনে।
প্রতিবেদন বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ৫২১ জন।