Skip to main content

Brick Lane News

ফ্রিল্যান্সারদের জন্য নিয়ম বদলে দিলো বাংলাদেশ ব্যাংক

ফ্রিল্যান্সারদের জন্য নিয়ম বদলে দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের লাখ লাখ ফ্রিল্যান্সারের জন্য এ যেন এক বড় সুখবর! বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে আর আগের মতো জটিল কাগজপত্রের ঝামেলা নয়। এবার নিয়মই বদলে দিল বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ২২ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সেবা রপ্তানির প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে অনলাইন প্ল্যাটফর্মের স্টেটমেন্ট, ই-মেইল, ইনভয়েস এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্য। অর্থাৎ, কাগজের ফাইল নয়- ডিজিটাল প্রমাণই যথেষ্ট।

আরও বড় পরিবর্তন এসেছে অর্থ দেশে আনার নিয়মে। এখন ব্যাংকগুলো কোনো অতিরিক্ত ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রেমিট্যান্স বা সেবা রপ্তানির আয় জমা করতে পারবে। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো এক লেনদেনে ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ পরিশোধ করতে পারবে।

শুধু তাই নয়… ফ্রিল্যান্সারদের জন্য চালু হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড। অর্থ গ্রহণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবহারও আরও সহজ করা হয়েছে।

সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো- আইটি খাতের ফ্রিল্যান্সাররা এখন তাদের রপ্তানি আয়ের ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা হিসেবে নিজের অ্যাকাউন্টে রাখতে পারবেন। আর অন্যান্য সেবা রপ্তানিকারকরা রাখতে পারবেন ৩০ শতাংশ পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু ফ্রিল্যান্সারদের কাজই সহজ করবে না, বরং আরও বেশি আয় আনবে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। যারা এতদিন অনানুষ্ঠানিক উপায়ে অর্থ আনতেন, তারাও এখন ব্যাংকিং চ্যানেলে আসতে উৎসাহিত হবেন।