Brick Lane News

অনুপ্রবেশ রোধে আসাম মডেল অনুসরণ করব: শুভেন্দু

অনুপ্রবেশ রোধে আসাম মডেল অনুসরণ করব: শুভেন্দু

ভারতের আসাম রাজ্যে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে মঙ্গলবার সেখানে যান পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘আসাম মডেল’ অনুসরণের ঘোষণা দেন তিনি।

আসামের গোয়াহাটি বিমানবন্দরে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু সীমান্ত সুরক্ষার ওপর জোর দেন। অনুপ্রবেশ রুখতে হিমন্ত বিশ্ব শর্মার অভিজ্ঞতাকেই হাতিয়ার করে চলতে চান বলে জানান শুভেন্দু।

হিমন্তকে বড় ভাই সম্বোধন করে তিনি বলেন, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওনার অনেক অভিজ্ঞতা। সেটা আমি কাজে লাগাব। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করতে আসাম যে পদক্ষেপ নিয়েছে, পশ্চিমবঙ্গেও সেই কাজ করা দরকার।

এদিকে শপথ নেওয়া পাঁচ মন্ত্রীকে নিয়ে সোমবার ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু। সেখানেই বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দেন তিনি। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করার জন্য রাজ্যের মুখ্য সচিব ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই উচ্ছ্বাস দেখা যায় পশ্চিমবঙ্গ সীমান্তবাসীর মধ্যে। মালদা জেলায় বিএসএফের মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। এই এলাকাগুলো মূলত জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামন গোলা থানা এলাকায় অবস্থিত।

বৈষ্ণবনগর থানার সুখদেবপুরের বাসিন্দারা বলেন, কাঁটাতার লাগালে এই এলাকা দিয়ে অনুপ্রবেশ, পাচার, চোরাচালানসহ সব ধরনের বেআইনি কাজ বন্ধ হবে।