Skip to main content

Brick Lane News

দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট

দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী ও তরুণদের ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। পরে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা।

সোমবার (২০ জুলাই) মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজারো আন্দোলনকারী। পরে তারা পার্লামেন্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির বিভিন্ন এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে রোববার দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি বাতিল করে এবং পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সিজেপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বাধার মুখেও অহিংস অবস্থান বজায় রাখতে হবে।